ভোটের সময় দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন অসহায়: ব্যারিস্টার মওদুদ
-
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ
বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে আবারও জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের নির্বাচন কমিশন যত শক্তিশালীই হোক, নির্বাচনের সময় দলীয় সরকার থাকলে তারা অসহায় হয়ে থাকবে। কারণ, এ দেশের অভিজ্ঞতা বলে, কোনো নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, আওয়ামী লীগ বলছে, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে যে কমিশন গঠন করবেন তা তারা মেনে নেবেন। দলটির এই অবস্থানকে স্বাগত জানাই। আর বিএনপিসহ অন্যরা যেসব প্রস্তাব দিয়েছে বা দেবে, সব বিবেচনা করে রাষ্ট্রপতি কমিশন গঠন করবেন বলে সবাই আশা করে।
তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় ও প্রধান পদক্ষেপ হলো, কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, তা ঠিক করা। আর দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। দেশে সে ঐতিহ্য গড়ে ওঠেনি।
এ সময়, লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের নকশা বাস্তবায়নের নাম করে জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনার সমালোচনাও করেন ব্যারিস্টার মওদুদ।
এদিকে, প্রতিবেশী ভারত বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থেই দেশের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না বলে মনে করে বিএনপি।
আজ (শুক্রবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে ওপেন স্কাই সুবিধা চায় ভারত। ভারতসহ পৃথিবীর অনেক দেশের সঙ্গে বাংলাদেশের আকাশ চুক্তি আছে। কিন্তু কোনো দেশের সঙ্গেই মুক্ত আকাশ সুবিধা দেয়ার চুক্তি নেই। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, এমনকি প্রয়োজনও নেই। শুধু ভারতের স্বার্থে সরকার এ চুক্তি করতে পারে। এতে রাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান রিজভী।
এ সময়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রিজভী বলেন, নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও তারা এক ধরনের ভীতি ও আশঙ্কার দোলাচালে দুলছেন। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এছাড়াও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন ও তার সমর্থকদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৯