বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা: ফখরুল বললেন, গণতন্ত্র আজ বাকরুদ্ধ
-
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া
বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড,আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে বিজয়ের মাত্র একদিন আগে বাংলাদেশের এই জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর যে নীলনকশা, বাংলাদেশের বিশিষ্ট বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মম, পাশবিকভাবে হত্যা করে তারা এই জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল। কিন্তু যেই জাতি যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে, সেই জাতিকে কখনোই পরাজিত করা সম্ভব হয় না। সেই জন্যই আজকে তারা আবার ওঠে দাঁড়িয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের আজকে প্রায় ৪৬ বছর পরও আমরা বাংলাদেশে ১৯৭১ সালে যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই গণতান্ত্রিক অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, মানুষের মুক্তির জন্য, সেটা আজো আমরা অর্জন করতে পারিনি। আজ গণতন্ত্র অবরুদ্ধ। আজ মানুষের অধিকার বঞ্চিত। এমনকি যে ন্যূনতম অধিকার গণতান্ত্রিক ভোট দেয়ার জন্য, সে অধিকারটুকু আমরা হারিয়ে ফেলছি।’
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি যে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, যারা আমাদের দেশের সাধারণ মানুষকে, লাখ লাখ মানুষকে হত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত ছিল এবং তাদের বিচারের মধ্য দিয়ে দায়মুক্তির বিষয়টা নিশ্চিত করা উচিত ছিল। এটা আমরা বিশ্বাস করি সব সময়।’
এর আগে সকাল সাড়ে ৯টায় গুলশান বাসা থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদনের পর সকাল সোয়া ১১টায় গুলশানের বাসায় পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/এআর/১৪