নিউজিল্যান্ডের রানের পাহাড়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ
-
১৩৭ রান করে ম্যাচ সেরা টম ল্যাথাম
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিং করে ৩৪১ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। এই মাঠে এটাই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। জিততে হলে বাংলাদেশকেও গড়তে হতো নতুন রেকর্ড। কিন্তু ৪৫ ওভারের মধ্যেই ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পুরো ইনিংসের কোনো সময়ই জয়ের সম্ভাবনা জাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ১২ ওভারেই সাজঘরে ফিরেছিলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। অনেকটাই ব্যাটফুটে চলে গিয়েছিল মাশরাফির দল।
কিছু সময় প্রায় একাই লড়াই করছিলেন তামিম ইকবাল। কিন্তু ১৮তম ওভারে ৩৮ রান করে তামিমও ধরেন সাজঘরের পথ। তামিমের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সাকিব আল হাসান। খেলেছিলেন ৫৪ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস। এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২৯তম ওভারে সাকিব সাজঘরে ফেরার পরেই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাব্বির রহমানও। একটি ছয় মেরে করেছিলেন ১১ বলে ১৬ রান। কিন্তু সেখানেই তাঁকে থামিয়ে দেন লোকি ফার্গুসন। সপ্তম উইকেটে ৫২ রানের লড়াকু জুটি গড়েছিলেন মুশফিক ও মোসাদ্দেক হোসেন সৈকত।
৩৯তম ওভারে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিককে। ৪৮ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। মোসাদ্দেকও শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৫০ রান করে। নিজে এক প্রান্ত আঁকড়ে পড়ে থাকলেও অপর প্রান্তে মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজ কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টম লাথামের ১৩৭ ও কলিন মুনরোর ৮৭ রানের ঝড়ো ইনিংস দুটিতে ভর করে স্কোরবোর্ডে ৩৪১ রান জমা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
টস হেরে বল করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। ইনজুরির বাধা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে উইকেটের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুস্তাফিজুর রহমানকে। ইনিংসের ষষ্ঠ ওভারেই দারুণ এক স্লোয়ার ডেলিভারিতে ফিরিয়েছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। বড় ইনিংস খেলতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন (৩১), নেইল ব্রুম (২২) ও জেমস নিশাম (১২)। ২৯ ওভার শেষে এই চার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৫৮ রান। তখন ম্যাচের নিয়ন্ত্রণ খানিকটা ছিল বাংলাদেশের হাতে। কিন্তু পঞ্চম উইকেটে ১৫৮ রানের ঝড়ো জুটি গড়ে ঘুরে দাঁড়ান লাথাম ও মুনরো। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড এটি।
৪৭তম ওভারে সাকিব যখন এই জুটি ভেঙেছেন, ততক্ষণে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ৩১৬ রান। ৬১ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস এসেছে মুনরোর ব্যাট থেকে। লাথাম পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক। ৪৮তম ওভারে মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে তিনি খেলেছেন ১২১ বলে ১৩৭ রানের ইনিংস। এটিই তাঁর নতুন ক্যারিয়ার-সেরা ইনিংস। শেষপর্যায়ে মিচেল সান্টনারের ৮ ও টিম সাউদির ৭ রানে ভর করে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪১ রান।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৬৯ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন সাকিব। এছাড়া, তাসকিন দুটি উইকেট পান।
১২১ বলে ১৩৭ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ পুরস্কার জিতেছেন টম ল্যাথাম।#
পার্সটুডে/এআর/২৬