কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না: গয়েশ্বর
https://parstoday.ir/bn/news/bangladesh-i33988-কিয়ামত_পর্যন্ত_অপেক্ষা_করব_তবুও_শেখ_হাসিনার_অধীনে_নির্বাচন_করব_না_গয়েশ্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নিবন্ধন বাতিল আর জেলের ভয় দেখিয়ে লাভ নেই। প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব, তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৭ ১৫:৩৬ Asia/Dhaka
  • বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়
    বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নিবন্ধন বাতিল আর জেলের ভয় দেখিয়ে লাভ নেই। প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করব, তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না।

আজ (রোববার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে গয়েশ্বর  বলেন,

'আমরা বলতে চাই- নিবন্ধন বাতিল করলেন, ওসব জুজুর ভয় দেখাবেন না। তবে আপনাদের রাজনীতি যে জনগণের মন থেকে বাতিল হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আপনি প্রতিপক্ষকে হাত-পা বেঁধে দিয়ে সাঁতারে প্রতিযোগিতা করবেন, এটা হবে না।' জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়ে মুখ বন্ধ করে রাখলে গোপন পথেই কিন্তু তারা প্রতিশোধ নেবে। সুতরাং গণতন্ত্রের বিকল্প হল গণতন্ত্র।

আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 'মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ' শীর্ষক এই সভায়  গয়েশ্বর বলেন, এখন পুরো দেশটাই কারাগার। নতুন কারাগারের প্রয়োজন নেই। আমরা সহকর্মীদের রক্তের সাথে বেঈমানি করে নির্বাচনে যেতে পারিনা।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু মুখে মুখে আর ঘরে বসে গণতন্ত্রের কথা বললে হবে না। টেলিভিশনে চেহারা দেখিয়ে আন্দোলন হয় না। স্বৈরাচারকে মোকাবিলা করতে হবে রাজপথেই। আসুন আমরা গণতন্ত্রের জন্য আরো একবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি।

 তিনি বলেন, রাজপথেই নামতে হবে। সেই পথে গণতন্ত্রকামী জনগণের লাইন দীর্ঘ হবে। আর দীর্ঘ লাইনের ধাক্কায় সরকার পড়ে যাবে।

 এদিকে, আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য ১৮টি উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন রক্তাক্ত সন্ত্রাসী ঘটনায় নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) নির্লিপ্ত ও নির্বাক ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ (রোববার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামীকাল দেশব্যাপী অনুষ্ঠিতব্য কয়েকটি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হুমকি ও অস্ত্রবাজিতে এখন নির্বাচনি এলাকাগুলোতে এক ভয়াবহ ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিএনপি মনোনীত প্রার্থীদের জীবননাশের হুমকিসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে বেপরোয়া হামলা চালানো হচ্ছে। প্রচার-প্রচারণায় ব্যাপক বাধা এবং বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে আমরা আগেও অবহিত করেছি।

এসময় নির্বাচনি এলাকাগুলোতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ কিছু খণ্ডচিত্র তুলে ধরেন তিনি।

 তিনি বলেন, নির্বাচনি এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিচ্ছে। বিএনপি প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের বিভিন্ন কায়দায় ভয়ভীতি দেখানো হচ্ছে। মোট কথা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা ও মদদে এ ধরনের ন্যাক্কারজনক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকারের আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তথাপি সিইসির কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৫