নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয় বিএনপি: মঈন খান
https://parstoday.ir/bn/news/bangladesh-i34108-নিবন্ধন_হারানোর_ভয়ে_ভীত_নয়_বিএনপি_মঈন_খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, তার দল নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন বর্তমান সরকার বিএনপিকে ভয় পাচ্ছে, তাই  নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে তাদের অধীনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ১৪:৫৮ Asia/Dhaka
  • নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয় বিএনপি: মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, তার দল নিবন্ধন হারানোর ভয়ে ভীত নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন বর্তমান সরকার বিএনপিকে ভয় পাচ্ছে, তাই  নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে তাদের অধীনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছে।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি’র নিবন্ধন বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে ড. মঈন খান বলেন, রাজনীতি মানুষের মৌলিক অধিকার। সেটি কি সার্টিফিকেট দিয়ে হালাল করতে হবে। মৌলিক অধিকারের কারণেই বিশ্বে রাজনৈতিক দল গড়ে উঠেছে। এটাকে নিবন্ধন দিয়ে প্রমাণ করতে হবে না। বিএনপিকে নিবন্ধন রক্ষার জন্য নির্বাচনে যেতে হবে তাহলে আমার প্রশ্ন রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কী নিবন্ধন রক্ষার জন্য? তাহলে এই নিবন্ধন রক্ষার কথা আসছে কেন?

ওদিকে, ভিন্ন এ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন,  আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে এমন বক্তব্য দিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে ।  

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি  বলেন,  বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না।

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে  জয়নুল আবদিন ফারুক প্রশ্ন করেন, তিনি কি আমাদের দলের অতিরিক্ত মহাসচিব হয়েছেন যে আমাদের দলের ভিতরের সিদ্ধান্তও তিনি আগাম বলে দিচ্ছেন?

এ সময় তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা ছলছাতুরি করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই আল্লাহ্ আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারও নেই।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭