গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যাবে বিএনপি, কারো দয়ায় নয়: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যাবে; কারো দয়া বা ভিক্ষায় ক্ষমতায় যেতে চায় না তারা।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অলি আহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং চাষী নজরুল ইসলামের ৭৬তম জন্মদিন উপলক্ষে গণসংস্কৃতি দল আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশ পরে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। সেই কারণে বিএনপি বিদেশিদের সঙ্গে সাক্ষাত করে এই বিষয়টি তাদের জানিয়ে দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের গণতন্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সভা সমাবেশ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেয়া হচ্ছে না। এমনকি ঘরের মধ্যে মিটিং করতে দেয়া হয় না। এই জন্যই আমরা অধিকার ফিরে পেতে গণতন্ত্র চেয়েছি।
তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়াকে আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে হয়, তার বিরুদ্ধে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির হাজারের উপরের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পাঁচশ'র ওপরে গুম করা হয়েছে। সারাদেশে ৫ লাখ ৭০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরপরও বলবেন গণতন্ত্র আছে?
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তাদের অধিকার চায়। সবাইকে জেগে উঠে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। এ ক্ষেত্রে বিশেষ করে তরুণদেরই এগিয়ে আসতে হবে। দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কারো দয়া চাইবে না। বুকের রক্ত দিয়েই প্রতিষ্ঠা করবে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চাইছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
স্মরণসভায় গণসংস্কৃতি দলের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'জনগণ পরিবর্তন চায়, খালেদা জিয়া এই পরিবর্তনের নায়ক হবেন। সুষমা স্বরাজ কাকে কী দিলেন? হাসিনাকে দিলেন ভারতীয় পিস্তলের রেপ্লিকা, আর বললেন মিয়ানমারের নাগরিকরা মিয়ানমারে ফিরে যাক। কিন্তু একবারও বললেন না যে রোহিঙ্গারা ফিরে যাক এবং একবারও বললেন না যে মিয়ানমার অন্যায় করেছে। শেখ হাসিনার উচিত হবে যে সুষমা স্বরাজ যেহেতু বলেছেন, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক, সেটা নিশ্চিত করা।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদের কন্যা আইনজীবী রুমিন ফারহান প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩