রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i49061-রোহিঙ্গাদের_ফেরাতে_মিয়ানমারের_ওপর_চাপ_অব্যাহত_রাখবে_বাংলাদেশ
রোহিঙ্গা মুসলমানদের ফেরানোর লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে কূটনীতিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকায় তিন দিনব্যাপী দূত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ২২:৩৮ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বাংলাদেশ

রোহিঙ্গা মুসলমানদের ফেরানোর লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে কূটনীতিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকায় তিন দিনব্যাপী দূত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলন রোববার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুটনীতিকদের উদ্দেশে বলেন, “রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে সম্প্রতি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের করা সমঝোতা চুক্তি একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য। আমরা যাতে দ্রুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরাতে পারি সেজন্য ভূমিকা রাখবেন।”

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনাও চলবে বলে জানান।

দূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

'বহির্বিশ্বে আপনারা দেশ, সরকার ও জনগণের প্রতিনিধি'

গতরাতে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন দূতরা। তারা তার সঙ্গে নৈশ ভোজে অংশ নেন। সেখানে রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, আপনারা বিশ্বের যে প্রান্তেই থাকুন আপনাদের কর্ম ও চিন্তায় এ দেশের জনগণের কল্যাণকেই অগ্রাধিকার দেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এ স্বাধীনতাকে আরো অর্থবহ করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন।

প্রেসিডেন্ট আব্দুল হামিদ

আবদুল হামিদ বলেন, বহির্বিশ্বে আপনারা দেশ, সরকার ও জনগণের প্রতিনিধি। বিদেশে প্রতিটি চ্যান্সেরি এক একটি বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে তাই আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

আবদুল হামিদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের প্রেরিত অর্থ আমাদের রেমিটেন্স প্রবাহকে সচল রেখেছে। এ রিজার্ভ আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। যেসব প্রবাসী বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের পাশাপাশি অনাবাসী বাংলাদেশিরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯