রোহিঙ্গাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া সম্ভব নয়: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i49113-রোহিঙ্গাদের_দীর্ঘ_সময়ের_জন্য_আশ্রয়_দেয়া_সম্ভব_নয়_শেখ_হাসিনা
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৯, ২০১৭ ২২:০৯ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি
    বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে বলেছেন, ‘বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তবে, তাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশে এ বছর মারাত্মক বন্যা হয়েছে। এর ওপর রোহিঙ্গা সমস্যা দেশের জন্য অতিরিক্তি বোঝা হিসেবে দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে এসে কক্সবাজার জেলায় আশ্রয় নেয়ায় জেলার স্থানীয় জনগণ এমনিতেই সমস্যায় রয়েছে।’ এ অবস্থায় রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ নির্ধারিত এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজিতে বাংলাদেশ এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের প্রশংসা করে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বলেন, ‘স্বল্প আয়ের দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগুলেও বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। স্বল্প আয়ের দেশ থেকে একটি দেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ জাতিসংঘের সংঘবদ্ধ প্রচেষ্টারই ফসল। স্বল্প-আয়ের দেশ থেকে একটি দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলেই সহযোগিতা বন্ধ হতে পারে না, কারণ জাতিসংঘের কোনও পদক্ষেপই শাস্তিমূলক হবে না।’

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বলেন, ‘এ বিষয়ে আইন-কানুন নিয়ে পুনর্বিবেচনা চলছে যে, একটি দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পরও তাকে কিভাবে সহযোগিতা দেওয়া যায়। এক্ষেত্রে জাতিসংঘ প্যাকেজ আকারে সহযোগিতা দিতে পারে দেশটির চাহিদা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে।’

প্রেস সচিব ব্যাখ্যা করে বলেন, ‘এর আগে যে সব দেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সেসব দেশকে জাতিসংঘ একটি নীতির আওতায় সহযোগিতা দিতো।’

বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০