রোহিঙ্গাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া সম্ভব নয়: শেখ হাসিনা
-
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে বলেছেন, ‘বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তবে, তাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেয়া কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশে এ বছর মারাত্মক বন্যা হয়েছে। এর ওপর রোহিঙ্গা সমস্যা দেশের জন্য অতিরিক্তি বোঝা হিসেবে দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে এসে কক্সবাজার জেলায় আশ্রয় নেয়ায় জেলার স্থানীয় জনগণ এমনিতেই সমস্যায় রয়েছে।’ এ অবস্থায় রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
জাতিসংঘ নির্ধারিত এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসডিজিতে বাংলাদেশ এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০