খালেদা-ইলদিরিম বৈঠক: বাংলাদেশের রাজনীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা
-
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক
বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই নেতার ৪৫ মিনিটের বৈঠক শেষে তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে কোন ধরনের রাজনীতি চলছে এবং আগামী নির্বাচনের অবস্থা কী দাঁড়াবে, সেই নির্বাচনে আমাদের কী ভূমিকা থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে, দেশ কেমন চলছে; একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কী ভূমিকা পালন করছে, এসব বিষয় জানতে চেয়েছে তুরস্ক। আমরা আমাদের বক্তব্য দিয়েছি তারা তাদের মতামত দিয়েছেন। বৈঠকে এসব বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে।’
রোহিঙ্গা সংকট নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তুরস্ক মনে করে রোহিঙ্গাদেরকে সম্মানের সাথে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। স্থায়ী সমাধান করতে হবে। পুরোপুরি স্থায়ী সমাধান প্রয়োজন। তার জন্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন মূলত রোহিঙ্গা সমস্যা সরেজমিনে দেখার জন্য। এই রোহিঙ্গা মুসলমানদের কীভাবে দেশে নিরাপত্তাসহকারে ফেরত পাঠানো যায়; সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে। আপনারা জানেন, প্রথম থেকেই তুরস্ক সরকার এবং জনগণ এ ব্যাপারে সহানুভূতিশীল ছিল। রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে এজন্য প্রথম থেকেই কাজ করছে তুরস্ক। তাদের ফাস্ট লেডি প্রথমেই এখানে এসেছিলেন। তারপরই বিষয়টি গোটা বিশ্বকে নাড়া দেয়।’
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছে- এ বিষয়ে তুরস্কের মতামত কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তুরস্ক সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে রয়েছে। সে অনুসারে তুরস্ক কাজ করছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ইনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০