রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন: জাতিসংঘের প্রতি তুর্কি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i50103-রোহিঙ্গাদের_ফেরত_পাঠানোর_ব্যবস্থা_করুন_জাতিসংঘের_প্রতি_তুর্কি_প্রধানমন্ত্রী
মিয়ানমারে জাতিগত নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৭ ১৪:৫১ Asia/Dhaka
  • উখিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তুর্কি প্রধানমন্ত্রী
    উখিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তুর্কি প্রধানমন্ত্রী

মিয়ানমারে জাতিগত নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

আজ (বুধবার) কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।’

ইলদিরিম বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক। এটি একটি মানবিক ইস্যু। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে নজর দিতে হবে।

রোহিঙ্গাদের মাঝে খাবার বিতরণ করছেন তুর্কি প্রধানমন্ত্রী

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। ফেরত পাঠানো ও নিরাপত্তার ব্যাপারে জাতিসংঘকে আরো কাজ করতে হবে।

আজ (বুধবার) সকালে ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তুর্কি প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। পরে তিনি সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এছাড়া, কুতুপালং ক্যাম্পেও যান তিনি। সেখানে রোহিঙ্গাদের খাবার বিতরণ করেন তুর্কি প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন তুর্কি প্রধানমন্ত্রী

এ সময় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছান। গতকাল মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। দুই নেতা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পরস্পরকে সমর্থন করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। একইদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রধানমন্ত্রী ইলদিরিম।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০