রোহিঙ্গা সংকটকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের স্পিকার
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই এগিয়ে আসতে হবে।’ সফররত ফ্রান্সের পার্লামেন্ট সদস্য বুয়ন তানের নেতৃত্বে এক সংসদীয় প্রতিনিধিদল বুধবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন। এ সময় প্রতিনিধিদলের অপর সদস্য মার্টিন লেগুইলি এমপি উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের ভূমিকায় আন্তর্জাতিক সম্প্রদায় শুরু থেকেই সন্তোষ প্রকাশ করে আসছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্পিকার।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সময়ে সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নব দুয়ার উন্মোচন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘে সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর দেয়া ৫ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক প্রধান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান রেডিও তেহরানকে বলেন, আমাদের কূটনৈতিক পন্থায় এগুতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি ধরে রাখতে হবে। এরপরও যদি মিয়ানমার নমনীয় না হয় তাহলে রোহিঙ্গাদের নিজের মাতৃভূমি উদ্ধারের সংগ্রামে সহায়তা করার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে।
এ আগে মঙ্গলবার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি প্রতিনিধি দলের বৈঠক রোহিঙ্গা সংকট ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ক দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ‘আরো একটি ফিলিস্তিন’ সৃষ্টি হবে বলে ওই বৈঠকেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বৈঠকে ইন্টারন্যাশনাল রিলিফ অর্গানাইজেশন (আই আর ও) চেয়ারম্যান ফিলিস্তিনি মামদুহ কামাল আলী বাদাবী ও আলজেরিয়ার এমপি ইউসেফ আদিসা রোহিঙ্গা ইস্যুতে তাদের উদ্বেগের বিষয় তুলে ধরেন।
তিনি বাংলাদেশের স্পিকারকে বলেন, আমি যখন রোহিঙ্গা ইস্যুর দিকে তাকাই তখনই আমার মনে পড়ে যায় ফিলিস্তিনের কথা। ফিলিস্তিনের সঙ্গে রোহিঙ্গাদের পরিস্থিতির অনেক মিল রয়েছে।
তিনি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটেছে এখানেও তাই ঘটতে পারে।
স্পিকার আশংকা প্রকাশ করে বলেন, আমার ভয় হয় যে, যদি রোহিঙ্গাদের এই সংকট দ্রুত সমাধান করা না হয় তাহলে এই সংকট ফিলিস্তিন সংকটের দিকে মোড় নেবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮