কক্সবাজারে রোহিঙ্গা মুসলমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
-
কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির
মিয়ানমারের সেনাবাহিনীর জুলুম-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গা মুসলমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা শরণার্থী শিবিরে তাকে গুলি করা হয়। রাত ১২টার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ (৪৩)। তিনি ওই রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, পাঁচ-ছয়জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল ইউসুফ। তাঁকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
এ ছাড়া, প্রায় একই সময় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালায়। তবে তার আগেই অন্য রোহিঙ্গারা তা প্রতিরোধ করেন। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলম (২৪)। তিনি পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শিবিরের নূরুল ইসলামের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ সম্পর্কে জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০