সিলেটে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ: নৌকায় ভোটের ওয়াদা নিলেন শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i52207-সিলেটে_নির্বাচনী_প্রচারে_আওয়ামী_লীগ_নৌকায়_ভোটের_ওয়াদা_নিলেন_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যম আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যম আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মাজার জিয়ারত শেষে বিকেল সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে 'উন্নয়নের প্রতীক' বলে উল্লেখ করে প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন।

তিনি বলেছেন, ২০১৮ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  আমরা সরকারের ৫ বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর সেটা সিলেট থেকে। 

নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “ডিসেম্বরে যে নির্বাচন হবে, সে নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন।”

তিনি আরো বলেছে, আওয়ামী লীগ মানেই উন্নয়ন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে উন্নয়ন হয়, মানুষের ভাগ্য পরিবর্তন করে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে দেশে লুটপাট, দুর্নীতি হয় 

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সে সময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি।

শেখ হাসিনা আজ সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান এর পর হযরত শাহপরাণ (রহ.) সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন

দুপুরে সার্কিট হাউসে বিশ্রাম শেষে তিনি সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন সেখানে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে থাকেন। সামনে সিটি করপোরেশন নির্বাচন। এরপর জাতীয় নির্বাচন। এ সকল নির্বাচনী লক্ষ্য সামনে রেখে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

আগাম নির্বাচনী সফর কর্মসূচী সিলেট দিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পালাক্রমে  বিভাগীয় শহরগুলো সফর করবেন। আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বরিশাল যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যেখানেই সরকারি সফর করবেন, সেখানেই দলীয় জনসভা করার সিদ্ধান্ত রয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০