জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি যুগান্তকারী মাইলফলক: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i54702-জাতিসংঘ_কর্তৃক_উন্নয়নশীল_দেশের_স্বীকৃতি_যুগান্তকারী_মাইলফলক_প্রধানমন্ত্রী
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। একমাত্র আমরা যদি নৌকা মার্কায় ভোট পাই তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ২১, ২০১৮ ১৬:১৬ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। একমাত্র আমরা যদি নৌকা মার্কায় ভোট পাই তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

আজ (বুধবার) বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নৌকায় ভোট চেয়ে উপস্থিত নেতাকর্মীদেরকে ওয়াদা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় নেতাকর্মীরা হাত তুলে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

সভায় প্রধানমন্ত্রী তার সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন,সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিয়ে  তা পূরণ করেছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে-নাতি-নাতনি সবাই সর্বাগ্রে অধিকার ভোগ করবে। সে কারণে চাকরিতে আমরা কোটার ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের কারণেই তারা চাকরি করতে পারছেন এবং তাদের ছেলে-মেয়েরা সম্মান পাচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রামে নৌবাহিনী একাডেমিতে বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। এটি নৌবাহিনীর জন্য সব আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ একাডেমি। কর্ণফুলী নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী এই একাডেমিতে নির্মিত অত্যাধুনিক বঙ্গবন্ধু কমপ্লেক্সটি আধুনিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন।

বুধবার চট্টগ্রামে নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ডের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি। জাতিসংঘের এ স্বীকৃতি বাংলাদেশের জন্য এক যুগান্তকারী মাইলফলক। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।

তিনি আরও বলেন, গত ৯ বছরে দেশে যত উন্নয়ন হয়েছে, তার ৯০ শতাংশ আমরা নিজেদের টাকায় করেছি। দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় বেড়ে এক হাজার ৬১০ ডলার হয়েছে। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৮ শতাংশ।

নৌবাহিনীকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনীর পরিচিতি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক বেড়েছে। নৌবাহিনীর জাহাজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক মহড়ায় অংশ নিচ্ছে এবং নিজেরাও সফলভাবে মহড়ার আয়োজন করছে।

মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরে আশ্রয়কেন্দ্র নির্মাণে নৌবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২১