'রোহিঙ্গা সংকট সমাধান জাতিসংঘের অগ্রাধিকারে থাকবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i56570-'রোহিঙ্গা_সংকট_সমাধান_জাতিসংঘের_অগ্রাধিকারে_থাকবে'
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় সহায়তা দিয়ে যাবে। বাংলাদেশে তিনদিনের সফর শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আজ ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস  দিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ৩০, ২০১৮ ১৩:৫৪ Asia/Dhaka

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় সহায়তা দিয়ে যাবে। বাংলাদেশে তিনদিনের সফর শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আজ ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস  দিয়েছেন।

প্রতিনিধিদল সদস্যরা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান জাতিসংঘের অগ্রাধিকারে থাকবে। নিউইয়র্কে ফিরে তারা এ সঙ্কট সমাধানে কার্যকর পথ খুঁজবেন।

নিরাপত্তা পরিষদ প্রতিনিধিরা জানান, প্রত্যাবাসন চুক্তির বাস্তবায়ন নিয়ে সদস্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে বাধা নেই। সবাই বাংলাদেশের সঙ্গে আছে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিদল শনিবার ঢাকা আসেন। প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এবং সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

'সমস্যা সহসাই সমাধান হবে না'

এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মাদ জমির উদ্দিন রেডিও তেহরানকে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের কাছে রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমার বাহিনীর নির্মম নির্যাতনের কাহিনী তুলে ধরেন। জাতিসংঘ প্রতিনিধিদল তাদের বিরুদ্ধে পরিচালিত নির্যাতনের বিচার করা এবং তাদের দাবি অনুযায়ী নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের আশ্বাস দেন। তবে, নিরাপত্তা পরিষদের দুই সদস্য চীন ও রাশিয়ার প্রতিনিধিদের বক্তব্য শুনে তারা আশংকা করছেন  তাদের সমস্যা সহসাই সমাধান হবে না। 

'সংঘাত নয়, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই'

তিনদিন সফর শেষে  ঢাকা ত্যাগের আগ মুহূর্তে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও  সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে সেদেশের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দল

শেখ হাসিনা উল্লেখ করেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আমরা সংঘাত চাই না, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা পালন করতে রাশিয়া, চীন, ভারত ও জাপানের মতো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০