রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখবে ওআইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i56752-রোহিঙ্গা_সংকট_সমাধানে_জোরালো_ভূমিকা_রাখবে_ওআইসি
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক অন্যান্য সংস্থার পাশাপাশি জোরালো ভূমিকা রাখবে ওআইসি- এমনটাই জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব হাসমী ইউসুফ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সার্বিক সহযোগিতা দেয়ার কথাও বলেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৪, ২০১৮ ১২:৪৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ওআইসির সহকারী মহাসচিব হাসমী ইউসুফ
    বক্তব্য রাখছেন ওআইসির সহকারী মহাসচিব হাসমী ইউসুফ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক অন্যান্য সংস্থার পাশাপাশি জোরালো ভূমিকা রাখবে ওআইসি- এমনটাই জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব হাসমী ইউসুফ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সার্বিক সহযোগিতা দেয়ার কথাও বলেন তিনি।

আজ (শুক্রবার) দুপুরে কক্সাবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সহকারী মহাসচিব। এ সময়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহিদুল হক প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

নির্যাতিত রোহিঙ্গা নারীদের দুঃসহ বেদনার কথা শুনছেন ওআইসির প্রতিনিধিরা

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে কুতুপালং ডি ব্লকে, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন তারা। রোহিঙ্গাদের দুঃসহ বেদনার কথা শুনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

হাসমী ইউসুফ আরও বলেন, "এ সংকট সমাধানে ওআইসি কী এবং কিভাবে ভূমিকা রাখবে, এ বিষয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হবে। তাই সম্মেলনে বসার আগেই সরেজমিনে রোহিঙ্গা পরিস্থিতি ঘুরে দেখেছি আমরা।"

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

সকাল সোয়া ৯টায় ওআইসি প্রতিনিধিদের বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এরপরই কলাতলীর একটি অভিজাত হোটেলে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। এ সময়, সম্মেলনে অংশ নিতে আসা ৩৮ দেশের মন্ত্রী ও ৮ পররাষ্ট্র সচিবসহ ৬৮ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাছে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

উল্লেখ্য, ৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলনে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আলোচিত হবে। গেলো বছরের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই এখানে অবস্থান করছে আরও অন্তত তিন লাখ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৪