রোহিঙ্গা নির্মূলের মুখে ওআইসি নিশ্চুপ থাকতে পারে না: শেখ হাসিনা
-
ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়ে গেছেন। কাজেই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি ওআইসি তখন নিশ্চুপ থাকতে পারে না। ওআইসিকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায়।”
রোহিঙ্গা জনগোষ্ঠীও সবার মতো মর্যাদার সঙ্গে বাঁচার এবং জীবন-জীবিকার অধিকার রাখে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, “নিপীড়িত মানবতার জন্য আমাদের চিত্ত ও সীমান্ত দুই-ই উন্মুক্ত করে দিয়েছি। মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ মানবিক কারণে আশ্রয় দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাদের ব্যথায় ব্যথিত। কারণ, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৮ জন সদস্য নির্মমভাবে নিহত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে ছয় বছর দেশে ফিরতে পারিনি, উদ্বাস্তু হিসেবে বিদেশের মাটিতে কাটিয়েছি।”
ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান হলেন মাহমুদ আলী
সম্মেলন উদ্বোধনের পর ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল এমন এর স্থলাভিষিক্ত হলেন।
আজ (শনিবার) সকাল ১০টায় শুরু হওয়া দুই দিনের এ সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এ ছাড়া ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত আছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
এর আগে ১৯৮৩ সালে ঢাকায় প্রথমবারের মতো ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আয়োজন করা হয়। এবার ঢাকায় দ্বিতীয়বারের মতো এ সম্মেলন হচ্ছে। এবারের সম্মেলনে ওআইসিভুক্ত রাষ্ট্রগুলোর বাইরে কানাডা অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিয়েছে। সম্মেলনে কানাডা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫