রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়া কঠিন: বাংলাদেশের পররাষ্ট্র সচিব
-
(ডানে) বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। তাই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়া কঠিন। আর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট থো জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে বাংলাদেশের প্রস্তুতি এবং প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে তার দেশ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভা শেষে তারা এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, প্রত্যাবাসন অত্যন্ত জটিল প্রক্রিয়া হলেও এটার প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। আমাদের আলোচনার মধ্যে সব বিষয়ই উঠে এসেছে। প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সেজন্য দুই পক্ষই একসঙ্গে কাজ করার চেষ্টা করছি।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার জন্য গেল বছরের ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের চুক্তি হয়।
এ অনুযায়ী ২ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি।
চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে দু’দেশের পররাষ্ট্র সচিবদের প্রধান করে গঠন করা হয় ৩০ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। নাইপিদোতে প্রথম বৈঠকের পর এবার ঢাকায় অনুষ্ঠিত হলো কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকে মিয়ানমারের ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ইউএসএআইডি
এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রশাসক মার্ক অ্যান্ডু গ্রিন।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে রোহিঙ্গাবিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
অ্যান্ডু গ্রিন বলেন, সামাজিক বৈষম্য দূর করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ দেশটিতে এটিই এখন প্রধান সমস্যা। এ সমস্যা নিরসনে তারা যেন দ্রুত পদক্ষেপ নেয়।
কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর দিয়ে বয়ে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি। তারা সহিংসতার শিকার হয়েছেন। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে।
এরআগে, ১৪ মে মার্ক অ্যান্ড্রু গ্রিন বাংলাদেশে আসেন। এরপর ১৫ মে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৭