'রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ'
https://parstoday.ir/bn/news/bangladesh-i58316-'রোহিঙ্গাদের_নিরাপদ_শান্তিপূর্ণ_ও_টেকসই_প্রত্যাবাসন_চায়_বাংলাদেশ'
বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০২, ২০১৮ ১৫:৩৫ Asia/Dhaka
  • ড. শিরীন শারমিন চৌধুরী
    ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, সীমান্ত খুলে দিয়ে মানবতার এ নব দিগন্তের উন্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ।

ঢাকায় প্রাপ্ত এক খবরে জানা গেছে, গতকাল প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে স্পিকার শিরিন শারমিন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান রেখে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করি। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ দৃষ্টি ও অকুণ্ঠ সমর্থন কামনা করেন।

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির

এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপেমেন্ট এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ জমির উদ্দিন রেডিও তেহরানকে জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা খুব দ্রুতই নিজ দেশে ফেরত যেতে পারবে সে রকম আশা করছে না। কারণ, মিয়ানমার এখনও সেরকম কোনো আশ্বাস দেয় নি।

স্পিকার শিরিন শারমিন উল্লেখ করেন, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়ার ঘোষণা গৃহীত হয়েছে।

ফ্রান্স-গাম্বিয়া মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট জাঁ- ফ্রাংকোয়ে বায়ে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচকরা রোহিঙ্গাদের মানবিক আশ্রয় প্রদান করায় বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূঁয়সী প্রশংসা করেন। তারা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২