সাফ ফুটবল: ভুটানকে হারাল বাংলাদেশ, জয় পেয়েছে পাকিস্তানও
ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। বছর দুই আগে এই ভুটানের কাছেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজের দল।
আজ (মঙ্গলবার) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম মিনিটেই পাওয়া কর্নার থেকে নেয়া শটের সময় ওয়ালি ফয়সালকে ফাউল করেন ভুটানের ডিফেন্ডার। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকেই সহজেই লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন তপু বর্মণ। পাঁচ মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিল মাহবুবুর রহমান সুফিল। তবে তার শট সহজেই ধরে ফেলেন ভুটানের গোলরক্ষক শেরিং দেনদুপ।
২৪ মিনিটে প্রায় বিপদ ডেকে এনেছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে তাদের ভুলে পাওয়া বলে লক্ষ্যে রাখতে পারেননি ভুটানের রোনালদো খ্যাত চেনচো। ২৭ মিনিটে তিন জন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ সুযোগ তৈরি করেছিলেন বিপলু আহমেদ। তবে তার শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ৩৪ মিনিটে দারুণ একটি গোছানো আক্রমণ করে স্বাগতিকরা। সুফিলের কাছ থেকে বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন বিপলু। তবে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন ভুটান গোলরক্ষক।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতে গোল পায় বাংলাদেশ। সতীর্থের পাস থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে ভলি করে বল জালে জড়ান সুফিল। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিলেন সুফিল। তবে তার বাঁ পায়ের শট লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর গোল পেতে পারতো ভুটানও। তবে সে প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক সোহেল। ৭৫ মিনিটে চেনচোর দূর পাল্লার শট লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে সমান তালেই লড়াই করে পাকিস্তান। গোলও আদায় করে নেয় ৩৫ মিনিটে। ডি বক্সের মধ্যে মুহাম্মদ রিয়াজকে ফাউল করেন নেপালি ডিফেন্ডার। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে দারুণ স্পট কিকে পাকিস্তানকে এগিয়ে দেন হাসান নাভিদ বশির।
তবে গোল খাওয়ার পর যেন জেগে ওঠে নেপাল। মুহুর্মুহু একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পাকিস্তানী রক্ষণকে। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে সতীর্থের হেড থেকে ফাঁকায় বল পেয়ে যান বিমল ঘারতি মাগার। তার বাঁ পায়ের প্লেসিং শট খুঁজে পায় জালের ঠিকানা।
সমতায় ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে নেপাল। দারুণ কিছু সুযোগও পায় তারা। শেষ দিকে দুর্দান্ত দুটি সেভ করেন পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। অনেকটা ধারার বিপরীতে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে নেপাল। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ আদিলের পাস থেকে হেড করে মোহাম্মদ আলিকে বাড়ান সাদউল্লাহ। গোলমুখ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড।#
পার্সটুডে/এআর/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন