নাশকতার মামলায় ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন
https://parstoday.ir/bn/news/bangladesh-i64748-নাশকতার_মামলায়_ফখরুলসহ_বিএনপির_৭_নেতার_আগাম_জামিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় আজ (বুধবার) বিএনপি নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ১৩:৩০ Asia/Dhaka
  • আদালতে ফখরুলসহ বিএনপি নেতারা
    আদালতে ফখরুলসহ বিএনপি নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় আজ (বুধবার) বিএনপি নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে।

বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

এর আগে, রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

 মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।  

হাতিরঝিল ও খিলগাঁও থানায় করা দুই মামলায় তারা হাইকোর্টে জামিন চান। শুনানি শেষে আদালত অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত তাদের জামিন দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩