সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে গ্রেনেড হামলার রায়: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i64948-সরকারের_বিশেষ_ব্যক্তির_মনোবাঞ্ছা_পূরণে_গ্রেনেড_হামলার_রায়_রিজভী
বিএনপিকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় ‘স্টেট স্পন্সরড' রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপিকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় ‘স্টেট স্পন্সরড' রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আদালতের রায়ের পর্যবেক্ষণ ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে আজ (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল সে সাজা দেয়া হয়েছে, তা স্টেট স্পন্সরড জাজমেন্ট। বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে এ রায়। এ রায় উদ্দেশ্যপ্রণোদিত এজন্য যে, একতরফা নির্বাচন করার জন্য এ রায় দেয়া হয়েছে, যা একটি কারসাজি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হত্যার ঘটনা ঘটানো হয়েছে। গতকাল আমরা রায়ের মধ্যে কিছু পর্যবেক্ষণ দেখেছি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের নানা কথা, নানা উল্লাস আমরা দেখছি।'

বিএনপির এ নেতা বলেন, ‘হাত-পায়ের নখ তুলে নিয়ে অকথ্য শারীরিক নির্যাতনের মাধ্যমে সম্পূর্ণ জবাববন্দি নেয়া হয়েছিল হুজি নেতা মুফতি হান্নানের কাছ থেকে। মুফতি হান্নান নিজে আদালতের কাছে স্বাকারোক্তিমূলক জবাববন্দি প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেছিলেন, ব্যাপক নির্যাতন করে সিআইডির লিখিত কাগজে তার সই আদায় করা হয়েছিল। আদালত সেই আবেদন আমলে নেয়নি।'

রিজভী জানান, মুফতি হান্নান তার  হাতের লেখার ১০ পৃষ্ঠার প্রত্যাহারের আবেদনে জানিয়েছিলেন, 'গ্রেপ্তারের পর তাকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। মুফতি হান্নান তার আবেদনে বলেছিলেন এই ২১ আগস্ট বোমা হামলার ঘটনা জনাব তারেক রহমান ও বিএনপির কেউ জড়িত নয়।”

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাহলে এই প্রত্যাহারের যে আবেদন তাকে আমলে না নিয়ে কারো ইচ্ছা পূরণের যে রায়টা হলো- এটা কী ন্যায় বিচার। এটা কী বিরোধী দল ধ্বংসের রায় নয়? জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে।’

সংবাদ সম্মেলনে গতকাল ঢাকা মহানগর, নেত্রকোনা, মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, গাইবান্ধা, ভোলা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ‘গায়েবী’ মামলায় দলের শতাধিক নেতা-কর্মীর গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান রিজভী।

বিএনপির মিছিল

এদিকে, বিএনপি ঘোষিত প্রতিবাদ কর্মসূচির আংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড়ে বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ঠাকুরগাঁওয়ে কর্মসূচিতে পুলিশের বাধা

তবে, বিএনপি’র সাত দিনের কর্মসূচির প্রথম দিনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা শহর ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধার কারণে কোনপ্রকার কর্মসূচি পালন করতে পারে নি।  

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, 'আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে এই কর্মসূচির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পুলিশ সকাল থেকেই আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকালে কর্মীরা অফিসটি খুলতে গেলে  পুলিশ তাদেরকে তালা খুলতে দেয়নি।'

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) রওশন আরা বলেন, 'এই রায়কে কেন্দ্র করে আমরা চাই না শহরে কোনো রকমের খারাপ পরিস্থিতি তৈরি হোক। তাই বিএনপিকে কর্মসূচি করতে দেয়া হয়নি। যাতে বিএনপি কোনো রকমের চালাকি না করতে পারে সে জন্য আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে তাদের অফিসের সামনে অবস্থান নিয়েছিলাম।'#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন