আগামীকালই তফসিল: সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে সিইসি
-
সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে ইসির বৈঠক
বাংলাদেশের আগামী জাতীয় সংসদের নির্বাচনি তফসিল আগামীকাল (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ (বুধবার) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে সিইসি এ কথা জানান।
জোট নেতাদের স্বাগত জানিয়ে সিইসি আরো বলেন, আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের আগে আলোচনা করতে আজ (বুধবার) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশনে যান। এরপরে তারা সিইসির সঙ্গে বৈঠক করেন। সভায় অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এ সময়, নির্বাচনি তফসিল না পেছাতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট। একইসঙ্গে ইভিএম ব্যবহার না করা এবং সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনসহ আট দফা দাবি জানিয়েছে তারা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-মনোনয়ন ফরম সহজীকরণ, নির্বাচনে কালো টাকার প্রভাব ও অস্ত্রের ব্যবহার বন্ধকরণ, সহিংসতা ও সংঘাত এড়ানো, গাড়ি-মোটরসাইকেলের মহড়া সীমিতকরণ ও নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের একক ও অভিন্ন পোস্টার ছাপানোর ব্যবস্থা করা।
বুধবার (৭ নভেম্বর) কমিশনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, ‘নির্বাচন কমিশন ৮ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণার সময় নির্ধারণ করেছে। যদ্দুর জেনেছি আজ (বুধবার) রাজনৈতিক সংলাপ শেষ হচ্ছে। আর কোনও সংলাপের অজুহাতে নির্বাচনের তারিখ পেছানোর কোনও যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।’
ইভিএম ব্যবহার প্রসঙ্গে হাওলাদার বলেন, ‘ভোটাররা এখনও ইভিএম ব্যবহারে অভ্যস্ত নয়। ভোটারদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা ও সময়ের প্রয়োজন। আমরা কমিশনকে বলেছি আপনারা স্বাধীন ও সংবিধানসম্মতভাবে নির্বাচন করুন।’ নির্বাচন কমিশন তাদের (জাপার) বেশকিছু দাবির সঙ্গে সম্মত হয়েছে বলে জানান রুহুল আমিন হাওলাদার।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৭