বাংলাদেশের সংসদ নির্বাচন এক সপ্তাহ পেছাল: রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i65746-বাংলাদেশের_সংসদ_নির্বাচন_এক_সপ্তাহ_পেছাল_রাজনৈতিক_অঙ্গনে_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ধার্য করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের নতুন তারিখ নির্ধারণ করল নির্বাচন কমিশন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ১২, ২০১৮ ১০:১৬ Asia/Dhaka

বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ধার্য করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের নতুন তারিখ নির্ধারণ করল নির্বাচন কমিশন।

আজ (সোমবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশনের ইভিএম প্রদর্শনীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ ঘোষণা দেন। নির্বাচন পেছানোর ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, কয়েকটি রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে। এ জন্য ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে।

কে এম নুরুল হুদা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।

পুনঃতফসিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকালে অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ, মনোনয়নপত্র প্রত্যাহারের পরিবর্তিত তারিখ আগামীকাল (১৩ নভেম্বর) জানিয়ে দেয়া হবে।

নতুন তফসিলে আপত্তি নেই: কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিলে আপত্তি নেই। এর একদিনের মাথায় নির্বাচন পেছানোর ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার।

আজ আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পুরোনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ইতিবাচক। তবে তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত বলে তিনি মন্তব্য করেন।

সরকারের ইচ্ছা অনুযায়ী একসপ্তাহ পেছানো হয়েছে: রিজভী

তবে নির্বাচনের তারিখ একসপ্তাহ পিছিয়ে দেওয়াটা সরকারের ইচ্ছা অনুযায়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মুখপাত্র রুহুল কবির রিজভী। আজ দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পেছানোর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট একমাস পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু কমিশন সেটা করেনি। তারা সরকারের নির্দেশে মাত্র এক সপ্তাহ পিছিয়েছে।

নতুন সিদ্ধান্তকে ষড়যন্ত্র বললেন জাফরুল্লাহ

তাছাড়া,  ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ।

আজ সিইসি কে এম নুরুল হুদা ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. জাফরুল্লাহ বলেন, নববর্ষ উপলক্ষে বিশ্বের বেশিরভাগ দেশে ৩০ ডিসেম্বর থেকে উৎসব হয়। এসময় ভোটগ্রহণ হলে বিদেশিরা তাতে পর্যবেক্ষক হিসেবে থাকতে চাইবে না।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, এমন ষড়যন্ত্র চলতে থাকলে নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

স্বাগত জানাল বিকল্পধারা ও জাতীয় পার্টি

ওদিকে, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

ভোটের তারিখ পিছিয়ে দিতে গতকাল (রোববার) সকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠায় সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্ট। তাদের দাবি ছিল- নির্বাচন ২৩ ডিসেম্বর না করে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হোক। আর নির্বাচন এক মাস পিছিয়ে দিতে শনিবার বিকেলে সিইসিকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, নির্বাচন কমিশন নির্বাচন পেছালে তাদের আপত্তি নেই। চিঠি পাওয়ার পর গতকাল বিকালে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, নির্বাচন পেছানোর বিষয়ে আগামীকাল (সোমবার) সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছিলেন সিইসি। আগের তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন