নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে- সিইসি: ইসিকে দোষারোপ করলেন রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i66087-নির্বাচনে_লেভেল_প্লেয়িং_ফিল্ড_রয়েছে_সিইসি_ইসিকে_দোষারোপ_করলেন_রিজভী
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং পুলিশসহ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৭:১০ Asia/Dhaka

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং পুলিশসহ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই নির্বাচনী কাজ এগোচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, ‘একটি বিশেষ সভা করে পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। এখানে সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।’

এর আগে নির্বাচন কমিশন (ইসি) মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা বিষয়ে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিনদিনব্যাপী ব্রিফিংয়ের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দেশের ১৮টি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ ব্রিফিংয়ে অংশ নিয়েছে। আগামীকাল ২৫ নভেম্বর ও আগামী ২৬ নভেম্বর এ ধরনের ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী

 সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি: রিজভী

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন কমিশন কখনো প্রকাশ্যে, কখনো নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, কিছু দলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে লিখিত আকারে জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগ নিরসন করতে সক্ষম হয়নি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

'জনগণ ভোট দিতে না পারলে দেশে চরমপন্থার উদ্ভব ঘটবে: হাফিজ

ওদিকে, রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য এবারের নির্বাচনই শেষ সুযোগ। এবারও সুষ্ঠু নির্বাচন আনুষ্ঠিত না হলে, জনগণ ভোট দিতে না পারলে দেশে চরমপন্থার উদ্ভব ঘটবে।

ড. হাছান মাহমুদ

বিএনপি পালানোর চেষ্টা করছে: ড. হাছান মাহমুদ

তবে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, বিএনপি নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই, তাই দলটি পালানোর চেষ্টা করছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ত্রিদিব দস্তিদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় হাসান মাহমুদ বলেছেন, ‘আমি তাদের কাছে অনুরোধ জানাব, দয়া করে নির্বাচনী মাঠ থেকে পালাবেন না। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব, দেশের মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে আছেন, শেখ হাসিনার সঙ্গে আছেন।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন