হাকিম নড়বে, হুকুম নড়বে না: নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসি
-
বক্তব্য রাখছেন সিইসি কে এম নূরুল হুদা (ফাইল ফটো)
বাংলাদেশের আসন্ন একাদশ সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সব রাজনৈতিক দলের প্রতি সমান মনোভাব রেখে নির্বাচন পরিচালনা করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ (রোববার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ব্যাজমেন্ট-২’তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচন আচরণবিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, ‘সবাই যেন সমান সুযোগ পায় সেদিকে নজর রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো যাবে না। প্রিজাইডিং অফিসারদের সহায়তা করতে হবে। কারণ প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার। তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবেন, সেটা করবেন। সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।'
ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে কেএম নূরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ। সবাইকে সমান চোখে দেখা। কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা- এ ধরনের আচরণ কখনও আপনারা করবেন না। কথায় আছে, ‘হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না’। এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনও। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে।’
‘গুলি চালাতে হলে জুডিশিয়াল মাইন্ড আপ্লিকেশন করবেন’
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রতিহিংসা বন্ধ করতে হবে। ভোটের দিকে জাতি, বিশ্ব তাকিয়ে রয়েছে। ম্যাজিস্ট্রেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুলি চালাতে হলে জুডিশিয়াল মাইন্ড আপ্লিকেশন করবেন। দায়িত্ব সাহসিকতার সাথে পালন করার আহ্বান জানান তিনি।
‘আইনকে তার নিজস্ব পথেই চলতে দিতে হবে’
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, 'একটা কথা বলা হয়ে থাকে- নির্বাচন আইনানুগ হতে হবে। এ কথাটা অবশ্যই ব্যাখ্যার অবকাশ রাখে। আইনকে নিজস্ব পথে চলতে না দিলে নির্বাচন কখনও আইনানুগ হতে পারে না। সুতরাং যখনই আমরা বলব, নির্বাচন আইনানুগ হতে হবে তখন এর সঙ্গে এও বলতে হবে, আইনকে তার নিজস্ব পথেই চলতে দিতে হবে। এটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ না করলে সে আইন, আইন নয়, কালো আইন।'
‘আইন যেন অসম্মানিত না হয়’
কমিশনার কবিতা খানম বলেন, আমাদের উদ্দেশ্য গ্রহণযোগ্য নির্বাচন করা। আইন যেন অসম্মানিত না হয়। প্রার্থীর পরিচয় বড় না হয়ে উঠে। নির্বাচনের সময় বিজিবি, সেনা, আপনাদের অপেক্ষায় থাকবে। আইনের যেন ব্যত্যয় না হয়। আইন সঠিকভাবে জেনে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আইনের কোনো ধরনের বৈষম্য প্রয়োগ বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।
‘কোনোভাবেই যেন আইনের বৈষম্য প্রয়োগ না হয়’
কমিশনার রফিকুল ইসলাম বলেন, ভোট গ্রহণযোগ্য করতে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড। সেই দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি, আইন আপনাদের পাশে থাকবে। কোনোভাবেই যেন আইনের বৈষম্য প্রয়োগ না হয়। আপনাদের অধিকার আপনাদের জানতে হবে।
তিনি বলেন, আরপিও পড়তে হবে, কী করবেন কী করবেন না সব এখানে আছে। লাইন ধরে ধরে পড়েন। বিচারিক মন পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করেন। জুডিশিয়াল মাইন্ড নিয়ে করলে খুব বেশি বিপদে পড়বেন না। অতি উৎসাহী হওয়া যাবে না। এখন অনুকুল পরিবেশ নেই। কাজটা সহজ নয় বলে ইসি কমিশনার জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন