দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যবসায়ীদের
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ব্যবসায়ীরা। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই-এর আয়োজনে ব্যবসায়ী সম্মেলনে এ অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ব্যবসায়ীদের সম্মেলন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে। এরপর একে একে ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্যে ফুটে উঠে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। সম্মেলনের স্লোগান "শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ"।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, আমার সামনে যারা বসে আছেন। আপনারাই বাংলাদেশকে বদলে দিতে পারেন। আর এর দিক নির্দেশনা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাজনীতিতে কোন জ্বালাও পোড়াও নৈরাজ্য দেখতে চাই না।
সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, পদ্মাসেতু, মেট্রোরেলের মত বড় প্রকল্প, খাদ্যে স্বংয়সম্পূর্ণ, কিংবা বিদ্যুৎ জ্বালানি সবক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়েছে গোটা বিশ্বে। সম্মেলনের ভিডিও বক্তব্যে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন বাংলাদেশের। আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তি সমৃদ্ধির দেশ গড়ার মাইলফলক এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।
এর আগে,গতকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে জানান আসন্ন নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে স্বাধীনতাবিরোধী অপশক্তি।এ সময় নির্বাচনী লড়াইয়ে দেশের মানুষকে জামায়াত শিবিরসহ উগ্র ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যানের আহ্বান জানায় সংগঠনটি।
মানববন্ধনে নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক জিয়াউদ্দিন তারেক।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন