প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখছি না: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i66733-প্রধানমন্ত্রী_গুজব_ছড়াচ্ছেন_নির্বাচন_সুষ্ঠু_হওয়ার_লক্ষণ_দেখছি_না_ফখরুল
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  “প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছি। আবার বলছেন, ‘বিএনপির টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন’। এসব কথা বলে প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এসব অনৈতিক কথা তিনি বলতে পারেন না।”
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৮ ১০:১০ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  “প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছি। আবার বলছেন, ‘বিএনপির টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন’। এসব কথা বলে প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এসব অনৈতিক কথা তিনি বলতে পারেন না।”

আজ (শুক্রবার) বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ভোটের আগের দিন রাতে ব্যালট বাক্স পুরো করবে। আবার একতরফা ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। কিন্তু এসবে আর কাজ হবে না, জনগণ জেগে উঠেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘সন্ত্রাস আমরা করছি না। নির্বাচনের এই কয়দিনে তারা যে সন্ত্রাস করেছে, তা নজির হয়ে থাকবে। একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস। এ দুই সন্ত্রাস মিলে গণতন্ত্রকে ধ্বংস করছে।’

বিচার বিভাগ পক্ষপাত আচরণ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগ আমাদের যে হারে প্রার্থিতা বাতিল করছে, সেগুলোকে আমরা কী বলব? একই আদালত একজনের পক্ষে এক রায় দিচ্ছে, আবার অন্যজনের পক্ষে দিচ্ছে ভিন্ন রায়। হাইকোর্ট থেকে আমি সুবিচার পাচ্ছি, সেটি কী করে বলব?’

মির্জা ফখরুল আরো বলেন, ‘যেখানে আমার দলের প্রার্থিতা আমি কাকে দেব, সেটি হাইকোর্ট দিচ্ছে। আজ দুর্ভাগ্য এ জাতির, যেসব সরকারি প্রতিষ্ঠানের ওপর জাতির আস্থা-বিশ্বাস রয়েছে, সে প্রতিষ্ঠানগুলো একে একে সরকারি দল নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

বিএনপির মহাসচিব দাবি করেন, যে আসনগুলোতে বিএনপির প্রার্থী থাকছে না সেখানে হয় অন্য কোন প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেয়া হোক বা নতুন করে তফসিল ঘোষনা করা হোক। কারন নির্বাচন কমিশন যাদের বৈধ করেছে আমরা তাদের মনোনয়ন দিয়েছি। ভুল আমাদের নয় তাই দায় নির্বাচন কমিশনের। 

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একজোট হয়েছে। এ কথাটি আমরা দায়িত্ব নিয়েই বলছি। এখন এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আমরা আশা করি, শেষ সময়ে হয়তো এ নির্বাচন কমিশন সম্বিত ফিরে পাবে, প্রশাসন তার সম্বিত ফিরে পাবে। আগামী ২৪ তারিখ থেকে মোতায়েন হওয়া সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবাই তাদের দেশপ্রেমের পরিচয় দেবেন।’

৩০ ডিসেম্বরের নির্বাচন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচন রাষ্ট্রের কাঠামো, মানুষের অধিকার থাকবে কি থাকবে না, তার সিদ্ধান্ত গৃহীত হবে। এই নির্বাচন নির্ধারণ হবে দেশের মানুষ গণতান্ত্রিক দেশে নাকি স্বৈরাচারী দেশে বাস করবে। সিদ্ধান্ত গৃহীত হবে, একাত্তর সালের স্বাধীনতা অর্জন করেছি তা রক্ষা করতে পারব কি না। আমাদের প্রজন্মকে সুখী-সমৃদ্ধ আবাস দিতে পারব কি না। আমরা স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারব কি না।’

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে কি নির্বাচন কমিশন আছে? তাদের কাছে আমরা হাজার হাজার অভিযোগ দিয়েছি, কিন্তু তার কোনোটার কোনো সুরাহা হয়নি।’

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ। তিনি বলেন, কথাটি আমি স্পষ্ট করেই বলছি। আমাদের মিটিং বন্ধ করা, নেতাকর্মীদের গ্রেপ্তার করা সব করছে প্রতিপক্ষের মতো। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের অফিস ভেঙে দিচ্ছে। আর মামলা দিচ্ছে আমাদের নেতাকর্মীদের নামে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন