আমি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66768-আমি_বাংলাদেশের_ভাগ্য_পরিবর্তন_করতে_এসেছি_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তার দলের প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, নৌকা হচ্ছে মানুষের বন্ধু। বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ১৬:২২ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তার দলের প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, নৌকা হচ্ছে মানুষের বন্ধু। বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে।

আজ (শনিবার) বিকেলে ‌সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২১ পর ক্ষমতায় এসে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এতিম খানার টাকা দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাভোগ করছেন। ২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে।

হযরত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মোবাইল ফোনের দাম কমিয়ে আমরা এখন মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করেছিল বিশ্ব ব্যাংক। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কোনো দুর্নীতি হয়নি। কারণ আমি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের নয়। আমি বলেছি, বিদেশি সাহায্য লাগবে না, দেশের টাকায় পদ্মাসেতু হবে। এই বিষয়টাই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক উপরে নিয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরই জানুয়ারিতে এসেছিলাম। নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। যাদেরকে আমরা প্রার্থী দিয়েছি তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে  আবারও বিজয়ের মাসে এসেছি।

এর আগে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে বিমানযোগে সিলেট পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান। সেখান থেকে যান হজরত শাহপরান (র.) এর মাজারে। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন