আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন
-
২০১৭ সালের এপ্রিলে ভারত সফরকালে শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান নরেন্দ্র মোদি
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, আজ (সোমবার) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে টেলিফোনে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। এসময় মোদি আশা করেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশের বর্তমান সরকার যে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার করছে, তা আরও জোরদার হবে। ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাঁর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন অনেক দূর এগিয়ে যাবে।
এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। এ জোটের প্রার্থীরা ২৮৮ আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি ও তার শরিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র ১০টি আসন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, জামায়াতে ইসলামী ও বাম গণতান্ত্রিক জোট কারচুরির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন