শেখ হাসিনার দল মানুষের ভোটে জেতেনি, জিতেছে গায়েবি ভোটে: রিজভী
-
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ফাইল ফটো)
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, 'আওয়ামী লীগের কোনো প্রার্থী এবার সংসদ সদস্য নির্বাচিত হননি, বরং প্রত্যেক এলাকার ইউএনও, থানার ওসি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।'
আজ (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একতরফা নির্বাচনের মুখ্য উপাদান হিসেবে কাজ করেছে। বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হলো না। শেখ হাসিনার দল মানুষের ভোটে জেতেনি, তাঁর দল জিতেছে গায়েবি ভোটে।
রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা জয়ের জন্য ভোট জালিয়াতি করতে পানির মতো টাকা খরচ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। এখন শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন সরকার তৈরি হবে, তা হবে গভর্নমেন্ট অব দ্য বিজিবি, বাই দ্য র্যাব এবং ফর দ্য পুলিশ।’
রিজভী বলেন, এই মহাডাকাতির নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে উপহাস করা হয়েছে। আওয়ামী নেতারা এখন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে তাঁদের গলাবাজির জোরে ভোট নিয়ে মহাজালিয়াতির ঘটনা আড়াল করতে চাইছেন। কিন্তু দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ কিছুই এড়ায়নি। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন ১৯৭৩ সালের খারাপ নির্বাচনের চেয়েও কুৎসিত।
রিজভী অভিযোগ করেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর দেশ আরও একধাপ বর্বর যুগে প্রবেশ করল। নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীষের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর চলছে পৈশাচিক বর্বরতা। মূর্খের অহংকারে আক্রমণ করে ভেঙে ফেলা হচ্ছে নিরীহ মানুষের বাড়িঘর, দোকানপাট ও বাজার। সেগুলোয় অগ্নিসংযোগ করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ঘরছাড়া, এলাকাছাড়া করা হচ্ছে। গ্রেপ্তার করার রীতিমতো হিড়িক শুরু হয়েছে। নানা হয়রানিসহ শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে।
নির্বাচনের দিন নোয়াখালীতে এক অটোরিকশা চালকের স্ত্রী ‘নৌকায় ভোট না দেওয়ার কারণে’ ক্ষমতাসীন দলের কর্মীদের ধর্ষণের শিকার হওয়ার যে খবর পত্রিকায় এসেছে, সে বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, 'এটি শুধু একজন নারীর শ্লীলতাহানী নয়, এটি জনগণের ভোটাধিকারের শ্লীলতাহানী।'
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ ও তাইফুল ইসলাম টিপু।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন