শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ, ইসিতে ঐক্যফ্রন্টের স্মারকলিপি
বাংলাদেশে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ (বৃহস্পতিবার) বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আমন্ত্রণ জানান।
এদিকে, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইতোমধ্যে ভোট ডাকাতির অভিযোগ এনে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছে। নির্বাচনে অনিয়মের তথ্য-প্রমাণসহ আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশনে একযোগে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী।
এর আগেই নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, এমনকি সংসদেও যাবেন না।
এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে ফ্রন্টের প্রার্থীদের নিয়ে এক জরুরি বৈঠক করেন শীর্ষ নেতারা।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো অভিযোগ করেন, নির্বাচনের নামে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন করা হয়েছে। এ কারণে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে।
ঐক্যফ্রন্টের বৈঠকে বসার আগে জেএসডি নেতা আ স ম আবদুর রব বলেছেন, তারা জনগণকে নিয়ে নির্বাচনে গিয়েছেন। এখন ভেট ডাকাতির প্রতিকার চাইতে তারা জনগণের কাছে যাবেন এবং তথ্য প্রমাণসহ আন্তর্জাতিক মহলকেও অবহিত করবেন।
এদিকে, আজ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ আশা করেছেন, বিএনপি জোটের বিজয়ী প্রার্থীরা প্রাথমিক প্রতিক্রিয়া শপথ না নেবার কথা বললেও তারা শেষ পর্যন্ত জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে আসবে।
তবে, এবারের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ জানিয়ে আজ বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধিদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
অপরদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক আখ্যায়িত করে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি ঐতিহ্য সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় মাহবুব তালুকদার বলেন, ‘আপনারা জানেন আমাদের নির্বাচনের কোনও ধারাবাহিকতা নেই কিংবা ছিল না। আমরা কখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি। কখনও সেনাসমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি। কখনও নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে। কিন্তু তা অংশীদারমূলক হয়নি। এই প্রথম একটি অংশীদারমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে। এই নির্বাচনের পথ ধরে পরবর্তী নির্বাচনের ধারা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন