জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক: বিএনপি ও গণফোরামের কেউই সংসদে শপথ নিচ্ছেন না
https://parstoday.ir/bn/news/bangladesh-i67138-জাতীয়_ঐক্যফ্রন্টের_বৈঠক_বিএনপি_ও_গণফোরামের_কেউই_সংসদে_শপথ_নিচ্ছেন_না
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না। আজ রোববার দুপুরে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৯ ১৪:০৪ Asia/Dhaka
  • মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা
    মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না। আজ রোববার দুপুরে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে দুপুর ১২টার দিকে এই বৈঠক শুরু হয়। পরে বেলা পৌনে একটার দিকে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়।

গতকাল শনিবার ড. কামাল হোসেন তাঁর দলে গণফোরামের বিজয়ী দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। এর পরদিনই শপথ না নেওয়ার এই সিদ্ধান্ত হলো। গত বছরের ৩১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তাঁরা কেউই শপথ নেবেন না, এটা পরিষ্কার কথা।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে। এর মধ্যে ৫টি আসনে জিতেছে জোটের প্রধান শরিক বিএনপি ও দুটি আসনে জয় পেয়েছে গণফোরামের দুই নেতা।

আজকের বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সভাপতিত্ব করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।#

পার্সটুডে/বাবুল আখতার/৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন