নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে বসবে ঐক্যফ্রন্ট: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67330-নির্বাচন_বাতিলের_এজেন্ডা_থাকলে_সংলাপে_বসবে_ঐক্যফ্রন্ট_ফখরুল
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৯ ১১:২১ Asia/Dhaka
  • সিলেটে মির্জা ফখরুল ইসলামসহ ঐক্যফ্রন্ট নেতারা
    সিলেটে মির্জা ফখরুল ইসলামসহ ঐক্যফ্রন্ট নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেওয়ার এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ (সোমবার) দুপুরে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলাম। কিন্তু সে সংলাপ অর্থবহ হয়নি। প্রধানমন্ত্রী আবার সংলাপে বসার কথা জানিয়েছেন। আমাদের এজেন্ডা একটি—এই নির্বাচন বাতিল করতে হবে। পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল রোববার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, আমাদের নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে বলেছেন যে, যাদের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের আমন্ত্রণ করবেন।’

হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্ট নেতারা

আজ মির্জা ফখরুলকে ওই সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংলাপের এজেন্ডা তো আমরা জানি না। নিঃসন্দেহে যখন আমাদের এজেন্ডা জানাবেন, তখন আমরা সে বিষয়ে বিবেচনা করব।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে আটটি আসন পায়। এর মধ্যে বিএনপি ছয়টি এবং ঐক্যফ্রন্টের আরেক শরিক গণফোরাম দুটি আসন পায়। এই আট বিজয়ী এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপিসহ ঐক্যফ্রন্ট ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন নিয়ে আজ মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। দখলদারি সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে। সংবিধান লঙ্ঘন করেছে। জনগণের রায়কে তারা ডাকাতের মতো ডাকাতি করে নিয়ে গেছে।’

উপজেলা নির্বাচনে ঐক্যফ্রন্ট কিংবা বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না। সুতরাং এ নির্বাচনগুলো মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। এখন যে নির্বাচন কমিশন আছে, যার অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো; সারা বিশ্বের সবাই দেখেছে কতটা অযোগ্য এই নির্বাচন কমিশন। তাদের কোনো যোগ্যতাই নেই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার। সুতরাং তাদের অধীনে নির্বাচন করার কোনো প্রশ্নই নেই।’

আজ দুপুর পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সফরকারী দলে রয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর-উত্তম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন