৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি, হয়েছে প্রহসন: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67554-৩০_ডিসেম্বর_দেশে_কোনো_নির্বাচন_হয়নি_হয়েছে_প্রহসন_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "৩০ ডিসেম্বর দেশে প্রকৃতপক্ষে কোনো নির্বাচনই হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচন আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছি। এই নির্বাচনী প্রহসন প্রমাণ করেছে, ১৪ সালে নির্বাচনে বিএনপি তথা ২০ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।"
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৯ ১৫:০৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "৩০ ডিসেম্বর দেশে প্রকৃতপক্ষে কোনো নির্বাচনই হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচন আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছি। এই নির্বাচনী প্রহসন প্রমাণ করেছে, ১৪ সালে নির্বাচনে বিএনপি তথা ২০ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।"

আজ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে বগুড়া সদর বিএনপি আয়োজিত স্থানীয় নেতা-কর্মীদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, "আমার কাছে কারাবন্দী নেত্রীর নির্দেশনা এসেছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। সব দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ২০ দল ও ঐক্যফ্রন্ট এবং এর বাইরে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদের সবাইকে সাথে নিয়ে গড়ে তুলতে হবে বৃহত্তর ঐক্য। এই মুহূর্তে দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই হবে আগামী দিনে আমাদের মূল কাজ।

সভায় মির্জা ফখরুল বলেন, দেশে এখন এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশের গণতন্ত্র প্রিয় মানুষ, মন খুলে কথা পর্যন্ত বলতে পারছে না। নির্বাচনের আগে সারাদেশে দলের নেতা কর্মীদের ওপর যে দমনপীড়ন অত্যাচার নির্যাতন হয়েছে, নির্বাচনের পরও তা’ অব্যাহত রয়েছে। এখন কোথাও কোথাও বিএনপি নেতা কর্মীদের দোকানপাটও দখল করা হচ্ছে।

তিনি বলেন, গ্লোবাল পলিটিক্সে এখন গণতন্ত্র ও রাষ্ট্রের সংজ্ঞা পাল্টে গেছে। তাই পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমাদের নতুন করে পথ চলা ঠিক করতে হবে। শহীদ জিয়ার দেখানো বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির বিষয়টি মাথায় রেখে আমাদের দলকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে  শক্তিশালী করতে হবে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন