প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জনগণের সাংবিধানিক দাবিকে উপহাস করেছেন: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i67617-প্রধানমন্ত্রী_তাঁর_ভাষণে_জনগণের_সাংবিধানিক_দাবিকে_উপহাস_করেছেন_রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ভাষণে যারা তাঁকে ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের আসল মালিক জনগণের প্রকৃত ভোট দেওয়ার অধিকার ও সাংবিধানিক দাবিকে উপহাস করেছেন।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৯ ১৪:০৫ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ভাষণে যারা তাঁকে ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের আসল মালিক জনগণের প্রকৃত ভোট দেওয়ার অধিকার ও সাংবিধানিক দাবিকে উপহাস করেছেন।'

আজ (শনিবার) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। জনগণ প্রধানমন্ত্রীর ভাষণকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, ‘৩০ ডিসেম্বরের ভোটে জনগণ বিজয়ী হয়নি কিংবা আওয়ামী লীগও বিজয়ী হয়নি, বিজয়ী হয়েছে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।'

রুহুল কবির রিজভী তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ জনগণ ও  দলীয় নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে। পুলিশি ক্ষমতা যখন থাকবে না তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না।’

এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন,  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে অস্বাস্থ্যকর, স্যাঁতসেতে ও ধুলাবালিতে আকীর্ণ একটি কক্ষে বাস করতে বাধ্য করা হচ্ছে। সরকার তাকে  আটকে রেখে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে তার সঙ্গে’

তিনি বলেন, 'সমাদৃত ও বিপুল জনপ্রিয় নেত্রীকে পরিকল্পিতভাবেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার জামিনকে বিলম্বিত করা হচ্ছে নানা কায়দা-কৌশল করে।’

অসুস্থতার কথা বিবেচনা না করে সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘনঘন আদালতে হাজির হতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা আরো বলেন, ‘তবুও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল খালেদা জিয়াকে কোনোভাবেই টলাতে পারেনি সরকার।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন