এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, পুনর্নির্বাচন দিতে হবে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67721-এই_সংসদ_জনগণের_প্রতিনিধিত্ব_করে_না_পুনর্নির্বাচন_দিতে_হবে_ফখরুল
অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৯ ১০:২১ Asia/Dhaka
  • জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন
    জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন

অবিলম্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচনের সঙ্গে ফলাফলও প্রত্যাখ্যান করেছি। তখনই আমরা বলেছিলাম, একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করতে হবে। আজকে আমরা আবার তারই পুনরাবৃত্তি করছি। আমরা বলতে বলতে চাই—অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সেখানে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের রায় দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “আজকে একটা সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। গত ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির ভুয়া নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে দখলদারি সংসদ ও দখলদারি সরকার বসিয়েছে।”

মানববন্ধনে মির্জা ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ

তিনি বলেন, “এই নির্বাচনের পূর্বে থেকেই জনগণ যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। প্রায় এক বছর আগে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।”

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, অনেকে বলে থাকেন- বিএনপি কেন নির্বাচনে যায় না। এখন তারাও দেখেছেন- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। তাই বলব আর কোনো নির্বাচন নয়, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করুন।

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, মুতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন