সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হচ্ছে, ১৮০০ সেনা পাঠাবে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i67833-সৌদি_আরবের_সঙ্গে_প্রতিরক্ষা_চুক্তি_হচ্ছে_১৮০০_সেনা_পাঠাবে_বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা চুক্তি সই হবে। চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ১৮০০ সেনা পাঠাবে বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ২৩:৩৬ Asia/Dhaka
  • বাংলাদেশ দূতাবাসে সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে সৌদি সেনা কর্মকর্তারা
    বাংলাদেশ দূতাবাসে সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে সৌদি সেনা কর্মকর্তারা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা চুক্তি সই হবে। চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ১৮০০ সেনা পাঠাবে বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মেদ ফখরুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শন করেন জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হওয়ার তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়ায়লির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, এদিন রিয়াদে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিদ্ধস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের বিষয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তিও প্রস্তুত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নে প্রায় ১৮০০ সদস্য মাইন অপসারণ কাজে নিয়োজিত হবে; যা সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সেনাপ্রধান আজিজ আহমেদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সৌদি আরবের বিভিন্ন সামরিক, বেসামরিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজে নিয়োজিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আজিজ আহমেদ। এ ছাড়া, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সৌদি আরবের বিভিন্ন সামরিক খাতে নিয়োজিত করার প্রস্তাব দেন। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকেরা কাজের পাশপাশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করতে পারবেন।

সেনাপ্রধান আজিজ আহমেদ আরও জানান, সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) বাংলাদেশ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ চার জন কর্মকর্তাকে নিয়োগের জন্য নাম দেওয়া হয়েছে। এই কোয়ালিশনের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সৌদি আরবের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, সৌদি আরবের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে মিলিটারি একাডেমি, ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজে প্রশিক্ষণ গ্রহণ করছে।

জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইয়েমেনের পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র ওই দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এতে সার্বিক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং আমেরিকার মিত্র দেশগুলো। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১২ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে এবং ওই দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।#   

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন