সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অনাস্থা জানিয়েছে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i68484-সিটি_নির্বাচন_প্রত্যাখ্যান_করে_জনগণ_অনাস্থা_জানিয়েছে_বিএনপি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা পরিষ্কার, ঢাকা উত্তর সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০১, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • ড. খন্দকার মোশাররফ হোসেন
    ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা পরিষ্কার, ঢাকা উত্তর সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপ-নির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর, সাংবাদিকদের কাছে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, জনগণ একাদশ ভোটে এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়েছে। এর প্রতিবাদ হিসেবে তারা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, গতকালের নির্বাচন প্রত্যাখ্যান করে তারা সেটা প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়েছেন। এটা কোথা থেকে আসলো? আমাদের কাছে পরিষ্কার, একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল, জনগণের ভোট দেয়ার প্রয়োজন হয়নি। এভাবে ৯০ শতাংশ ভোট তারা দিয়েছিল। একই প্রক্রিয়ায় গতকালও ৩১ শতাংশ ভোট পড়েছে। এটাও সরকার তার সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করেছে।

এ সময়, জাতীয় ভোটার দিবস পালনের সমালোচনাও করেন বিএনপির এ নীতি নির্ধারক। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেখানে সরকার ভোটার দিবস পালন করছে! এটা অত্যন্ত হাস্যকর। ভোটাররা যেখানে ভোট দিতে পারে না, সেখানে আজকের স্লোগান হচ্ছে ‘ভোটার হন, ভোট দিন’। সরকার ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন করে হাস্যকর বিষয়ে পরিণত করেছে, তামাশা সৃষ্টি করেছে।

এ সময়, একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে আবারো নির্বাচন দিতে আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন