সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুই চুক্তি ও চার সমঝোতা
https://parstoday.ir/bn/news/bangladesh-i68660-সৌদি_আরবের_সঙ্গে_বাংলাদেশের_দুই_চুক্তি_ও_চার_সমঝোতা
বিদ্যুৎ ও শিল্প খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাত উন্নয়নের জন্য সৌদি আরবের সঙ্গে দু'টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি ও সমঝোতা সই হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ১৭:২০ Asia/Dhaka
  • চুক্তি সই অনুষ্ঠান
    চুক্তি সই অনুষ্ঠান

বিদ্যুৎ ও শিল্প খাতসহ বাংলাদেশের বিভিন্ন খাত উন্নয়নের জন্য সৌদি আরবের সঙ্গে দু'টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি ও সমঝোতা সই হয়।

ঢাকা সফররত সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি এবং অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ বিন মাজইয়াদ আল-তোয়াজরি এ সময় উপস্থিত ছিলেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ১০০ মেগাওয়াটের সৌরভিত্তিক ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নির্মাণ এবং ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক যন্ত্রাংশ উৎপাদন নিয়ে চুক্তি দু'টি সই হয়েছে। সেইসঙ্গে ইউরিয়া ফর্মালডিহাইড-৮৫ প্লান্ট স্থাপন, সৌদি বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা, ক্যাবল উৎপাদন ও জনশক্তি রপ্তানি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে সৌদি মন্ত্রীদের বৈঠক

চুক্তি সইয়ের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাভি এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ বিন মাজিদ আল-তাওজরি। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, সৌদি রাজা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলে বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজিদ বৈঠকে জানান।

সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৫ সদস্যের একটি বড় প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা করতে বুধবার রাতে একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা আসেন। প্রতিনিধিদলে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন সৌদি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭