আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে আমাদের। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তুলনামূলক। আমরা এখন একটি সুখী সমৃদ্ধ দেশে বাস করছি।
আজ (বৃহস্পতিবার) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল, যখন দেশে শান্তি ছিল না। মানুষ নিরাপদে চলতে পারত না। একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল দেশ। অন্তত আমি এটুকু দাবি করে বলছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে শান্তি ফিরেছে। দেশের মানুষ এখন নিরাপদে উন্নত জীবনযাপন করছে। জঙ্গিবাদের ঘাঁটি ভেঙে দিয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, দেশের জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিশ্বে প্রশংসিত। আমরা কঠোর পদক্ষেপ নিয়ে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি। একইসঙ্গে মাদক নির্মূলেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় জঙ্গিবাদ এবং মাদক নির্মূলের সফল অভিযান ও সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র্যাবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা র্যাব সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন হলে সেই সুফল দেশের মানুষই পাবে। এতে গ্রামে বসবাসকারী মানুষের জীবনমানও উন্নত হবে।’
তিনি বলেন, যারা অন্যায় করবে, তারা যে-ই হোক না কেনো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়- দেশের আইশৃঙ্খলা বাহিনীর কাছে এই আহ্বান জানান শেখ হাসিনা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬