বিএনপির জাতীয় সম্মেলনের প্রস্তুতি চলছে, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i71407-বিএনপির_জাতীয়_সম্মেলনের_প্রস্তুতি_চলছে_খালেদা_জিয়ার_মুক্তি_দাবিতে_বিক্ষোভ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে; ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২২, ২০১৯ ১২:৩৫ Asia/Dhaka
  • বিএনপির জাতীয় সম্মেলনের প্রস্তুতি চলছে, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে; ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ (শনিবার) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন দু'জন সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ফখরুল সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে এসে পৌঁছানোর ফলে এখন এ মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে।

আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল রোববার এ মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে মামলার নথি আসার বিষয়টি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে অবহিত করা হবে এবং যত দ্রুত সম্ভব জামিন আবেদনের শুনানির উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, বেগম জিয়ার কারামুক্তির জন্য আর মাত্র দু’টি মামলায় জামিন প্রয়োজন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনের শুনানি করার পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আপিল যত দ্রুত সম্ভব শুনানির উদ্যোগ নেয়া হবে।

এদিকে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আইনজীবীদের উদ্যোগে আজ রাজধানীর নয়াপল্টনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিলটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট এ্যাঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী রেখে সরকার প্রধান প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। বেগম খালেদা জিয়ার ওপর বর্তমান শাসকগোষ্ঠীর চলমান হয়রানি ও নিষ্ঠুরতার অবসান ঘটাতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে।'

বিএনপি’র এ নেতা আরো বলেন, গুম-খুন-ক্রসফায়ার-অপহরণ-ভয় ও শঙ্কার বর্তমান এই দুঃসময় অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে হলে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রীর মুক্তির জন্য রাজপথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।’

'গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন'–এর ব্যানারে আয়োজিত  বিক্ষোভ মিছিলে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।