আওয়ামী লীগের নেতৃত্বেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত-সমৃদ্ধ বাংলাদেশ হবে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i71432-আওয়ামী_লীগের_নেতৃত্বেই_ক্ষুধা_দারিদ্র্যমুক্ত_সমৃদ্ধ_বাংলাদেশ_হবে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে, শোষণ-বঞ্চনা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। আজ (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৩, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে, শোষণ-বঞ্চনা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। আজ (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এরপর দলের সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।  

শ্রদ্ধা নিবেদনের পর, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশ ও জাতিকে ধংসের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাও আওয়ামী লীগই প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগের জন্যই সারা বিশ্বে মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী।

কর্মসূচি উদ্বোধনকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী স্থান ত্যাগের পর, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এদিকে, দেশ ও মানুষকে ভালোবেসে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) দুপুরে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ১১০, ১১১ ও ১১২ তম আইন ও প্রশাসন ক্যাডারদের বুনিয়াদি কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সরকারের নানামুখি পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসনকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে সমস্যা খুঁজে বের করে যুগপোযোগী সেবার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এ সময়, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক দুর্নীতি সমাজকে যাতে গ্রাস করতে না পারে সেদিকে নজর দেয়ারও আহ্বান জানান সরকার প্রধান।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৩