খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলার চার্জগঠনের শুনানি ১৪ জুলাই
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতির মামলার চার্জগঠনের শুনানি আর একদফা পিছিয়ে আগামী ১৪ জুলাই তারিখ ধার্য করেছে আদালত।
কেরানীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে আজ রোববার এ মামলায় শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
এ অবস্থায় বেগম জিয়ার আইনজীবীর চার্জ শুনানির তারিখ পেছানোর আবেদন করে বলেন, বেগম জিয়ার অনুপস্থিতিতে চার্জ শুনানি বেআইনী।আইনজীবিদের বক্তব্য শেষে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৪ জুলাই চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
উল্লেখ্য, দুটি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে বেগম জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী থেকে কারাবন্দি রয়েছেন। ৭৩ বছর বয়স্ক এ রাজনীতিবিদ কারাগারে গুরুতর অসুস্থ হবার পর কারা কর্তৃপক্ষ বেগম জিয়াকে গত ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেগম জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় এ নাইকো দুর্নীতির মামলাটি দায়ের করে। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করা হয়েছ বলে অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল ডিসচার্জ করে স্থাগিতাদেশ প্রত্যাহার করেন । তারপর মামলার কার্যক্রম পুনরায় চালু করা হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।