'শেখ হাসিনার চীন সফরে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i71494-'শেখ_হাসিনার_চীন_সফরে_সর্বোচ্চ_গুরুত্ব_দেয়া_হচ্ছে_রোহিঙ্গা_ইস্যুতে'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কূটনৈতিক অগ্রগতি আশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৫, ২০১৯ ১৪:৪৪ Asia/Dhaka
  • ড. এ কে আব্দুল মোমেন
    ড. এ কে আব্দুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কূটনৈতিক অগ্রগতি আশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এ সফরে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে।

সীমান্ত  সংলগ্ন  প্রতিবেশী ও সর্বোচ্চ মাত্রার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বরাবরই চীন মিয়ানমারের প্রতি সমর্থন যুগিয়ে যাচ্ছে। ১৯৮৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সামরিক জান্তা সরকারের অধীনে দেশটিতে ১৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের প্রধান অংশই দেশটির তেল-গ্যাসের খনি ও জ্বালানি খাতে। মিয়ানমারের সেনা সরকারকে উল্লেখযোগ্য মাত্রায় অস্ত্রশস্ত্রও সরবরাহ করেছে চীন। 

এদিকে, চীন বাংলাদেশের সাথেও  ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে। রোহিঙ্গা সংকট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইতোপূর্বে ঢাকা সফর করেছেন। এ বিষয় নিয়ে ঢাকার মন্ত্রীও গেছেন বেইজিং। এমনকি প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের চুক্তি স্বাক্ষরের পিছনেও নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে চীন। যদিও সে চুক্তির কোনো কার্যকরিতা দেখা যায়নি আজ পর্যন্ত। 

এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে চীনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।  

তিনি সাংবাদিকদের বলেছেন, মিয়ানমার যেহেতু চীনের প্রতি যথেষ্ট নির্ভরশীল তাই চীন চাপ দিলে মিয়ানমার প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করবে বলে আশা করছি। তাছাড়া, চীন আমাদের সঙ্গেও যেভাবে কথা বলেছে তাতে রোহিঙ্গা সংকটের  ব্যাপারে একটা অগ্রগতি ঘটবে বলে আমরা আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এটাও সতর্ক করে দিয়েছেন,  রোহিঙ্গা সংকট সমাধানে চীন উদ্যোগী না হলে ঝুঁকির মুখে পড়বে এই অঞ্চলের বিনিয়োগ। তার শঙ্কা, রোহিঙ্গাদের ব্যবহার করে এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে কোনো কোনো গোষ্ঠী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১-৫ জুলাই সরকারি সফরের বেইজিং যাবেন। চীনের দালিয়ান প্রদেশে ১-৩ জুলাই আয়োজিত বার্ষিক সম্মেলন ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এ প্রধানমন্ত্রীকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫