চীন সফরে গেলেন শেখ হাসিনা: কথা বলবেন রোহিঙ্গা ইস্যু নিয়ে
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে চীনের দালিয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
আগামীকাল সকালে প্রধানমন্ত্রী দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠানরত ডব্লিউইএফ সামার দাভোস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। শেখ হাসিনা দালিয়ান সম্মেলন উপলক্ষে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লস শোয়াবের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন
বিকেলে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শোয়াবের দফতরে অনুষ্ঠেয় ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ জুলাই বেইজিং তিনি পৌঁছাবেন এবং সেখানে চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং এবং প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
চীন সফরকালে বাংলাদেশ এবং চীন অর্থনৈতিক, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি এবং পর্যটনসহ বিভিন্ন খাতে আটটি চুক্তি স্বাক্ষর হবার কথা রয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনা নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করা হবে বলে আগেই জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকেলে তিনি বেইজিংয়ের লিজেনডাল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন। চীন সফর শেষে প্রধানমন্ত্রী ৬ জুলাই দেশে ফিরবেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।