চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক: ৭টি চুক্তি ও সমঝোতা সই
https://parstoday.ir/bn/news/bangladesh-i71707-চীনা_প্রধানমন্ত্রীর_সঙ্গে_শেখ_হাসিনার_বৈঠক_৭টি_চুক্তি_ও_সমঝোতা_সই
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে আইসিটি, বিদ্যুৎ, পানিসম্পদসহ মোট ৭টি চুক্তি ও সমাঝোতা স্মারক সই হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৪, ২০১৯ ০৮:১৯ Asia/Dhaka
  • শেখ হাসিনা এবং লি খ্য ছিয়াং
    শেখ হাসিনা এবং লি খ্য ছিয়াং

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে আইসিটি, বিদ্যুৎ, পানিসম্পদসহ মোট ৭টি চুক্তি ও সমাঝোতা স্মারক সই হয়েছে।

আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১১টায় চীনের গ্রেট হল অব পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু'দেশের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বেলা পৌনে ১১ টার দিকে শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে স্বাগত জানান লি খ্য ছিয়াং। পরে গ্রেট হল অব পিপলে তাঁর সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত এক মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা ও লি খ্য ছিয়াং

এর আগে তিয়েনআনমেন স্কয়ারে গ্রেট হলের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। তোপধ্বনির পর সুসজ্জিত একটি বাদক দল দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে শোনায়। অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বৈঠক।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন। এছাড়া ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনে শেখ হাসিনার এটাই প্রথম সফর। সফর শেষে ৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪