এডিস মশা দল দেখে কামড় দেবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72278-এডিস_মশা_দল_দেখে_কামড়_দেবে_না_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না। কাজেই সবাইকে এ বিষয়টি নিয়ে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ২৬, ২০১৯ ১৩:১২ Asia/Dhaka
  •  এডিস মশা দল দেখে কামড় দেবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল দেখে এডিস মশা কাউকে কামড় দেবে না। কাজেই সবাইকে এ বিষয়টি নিয়ে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ডেঙ্গু মোকাবিলার কাজটি সমন্বিতভাবে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সিটি করপোরেশন মিলে করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা সংশ্লিষ্ট, তাদের সবারই একটা দায়িত্ব রয়েছে। আমরা মনে করি, আমাদের দলেরও একটা দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, যারা ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন তাদেরকেও বলছি, আসুন আমরা সবাই মিলে একটা সামাজিক লড়াই গড়ে তুলি। মশা বিপজ্জনক, এর কামড়ের ফলে যে মৃত্যুও ঘটতে পারে। সে কারণে এটিকে সহজভাবে দেখার কোনো উপায় নেই।

চীন, শ্রীলংকা, ভিয়েতনাম পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এটা এখন দেশীয় রোগ নয়, দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবেও এটির প্রকোপ বাড়ছে। সেজন্য আমাদের এটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। আমাদের জনগণ ডেঙ্গু নিয়ে উদ্বেগে আছে, আতঙ্কে আছে।

জনগণকে আমাদের এই কঠিন রোগ থেকে এবং ডেঙ্গু মশার উপদ্রব থেকে রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর অফিসও এ ব্যাপারে খুব সক্রিয়। প্রধানমন্ত্রীর অফিস থেকেও একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং দুই সিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় রাজনৈতিকভাবেও সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলকে এই আন্দোলনে আমরা অন্তর্ভুক্ত করছি। সচেতনতামূলক এবং সতর্কতামূলক সভা সমাবেশ করে, আমাদের দলও এ ব্যাপারে অংশ নেবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬