খালেদা জিয়াকে মুক্তি না দিলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i72282-খালেদা_জিয়াকে_মুক্তি_না_দিলে_জোরদার_আন্দোলনের_হুঁশিয়ারি_বিএনপির
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৬, ২০১৯ ১২:০২ Asia/Dhaka
  • জিয়াউর রহমানের সমাধিতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ
    জিয়াউর রহমানের সমাধিতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রায় ১৮ মাস ধরে সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে বিএনপি চেয়ারপার্সনকে আটকে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ কিন্তু সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না। তাই আমরা আজকে এই শপথ নিয়েছি, দেশনেত্রীর মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করবো এবং তাকে ও আটক নেতাকর্মীদের মুক্ত করতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে, সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেলকে নিয়ে শ্রদ্ধা জানতে যান তিনি।

এ সময়, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একদলীয় শাসন কায়েম করতেই বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সরকারের উদ্দেশে বলেন, এখনও সময় আছে, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি দিন। সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

এ সময়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনেদাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, অবিলম্বে অবৈধ পার্লামেন্টকে বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করুন। অন্যথায়, এ দেশের জনগণ কোনদিনও আপনাদের ক্ষমা করবে না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন তিনি।#

 

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৬